...|...|...

রাজনীতি

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:২৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:১৫
Shares
রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে এসে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া উচিত। সরকারের সমালোচনা ও রাজনৈতিক কর্মসূচি গণতন্ত্রের অংশ হলেও সংকট মোকাবিলায় গঠনমূলক ভূমিকা রাখাও বিরোধী দলের দায়িত্ব।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট নিয়ে লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি দেওয়া যেতে পারে। তবে এর পাশাপাশি কীভাবে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা যায়, কোথা থেকে এবং কীভাবে জ্বালানি সংগ্রহ করা সম্ভব—সে বিষয়ে বিকল্প প্রস্তাবও দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই সরকারের সমালোচনার পাশাপাশি বর্তমান সংকট সমাধানে কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমান পরিস্থিতিতে পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা ঠিক হবে না মন্তব্য করে রিজভী বলেন, সংকট কীভাবে কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে পথ দেখাতে হবে। অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের পেছনে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনাকে দায়ী করেন তিনি। তার দাবি, বৈশ্বিক যুদ্ধ ও হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহনে বাধার কারণে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। ফলে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যা দেখা দিয়েছে।

জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথা স্মরণ করে রিজভী বলেন, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল।

অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে।

আলোচনা শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।