দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় দুটি মিনিবাস ট্যাক্সি এবং একটি স্টেশন ওয়াগন পরস্পরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যম ইএনসিএ -এর প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।
দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে কর্তৃপক্ষ বাধ্য হয়ে এন১ মহাসড়কটি উভয় দিকেই সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। চালকদের ওই এলাকা এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করার জন্য জরুরিভাবে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে চলাচলের জন্য একমাত্র বিকল্প পথটি হলো প্রিন্স আলবার্ট রোড স্টেশন হয়ে এন১২-এর দিকে আর৪০৭ ধরে, এরপর সেখান থেকে এন১২ বরাবর বিউফোর্ট ওয়েস্টের দিকে এগিয়ে যাওয়া।
কর্তৃপক্ষের সতর্কবার্তায় বলা হয়েছে, ওই এলাকায় যাতায়াতের সময় চালকদের তীব্র যানজট ও দীর্ঘ বিলম্বের মুখোমুখি হতে পারে, তাই অত্যন্ত সতর্কতার সাথে চলাচল করতে হবে। ঘটনাস্থলে এখনও জরুরি সেবা কর্মী ও ট্রাফিক পুলিশ সদস্যরা অবস্থান করছেন। ক্ষতিগ্রস্ত সড়ক এড়িয়ে চলার পাশাপাশি ট্রাফিক কর্মকর্তাদের দেওয়া নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার জন্য চালকদের প্রতি বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত এই মারাত্মক সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা যায়নি।


