...|...|...

লাইফস্টাইল

ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি বেশি কার্যকর?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৮
Shares
ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন, কোনটি বেশি কার্যকর?

ছবি: সংগৃহীত

শীতের আগমনে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সাথে ত্বকেও নানা সমস্যা দেখা দেয়। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ঠোঁট ফাটা, হাত-পায়ের চামড়া খসখসে হওয়া কিংবা ত্বকে টান অনুভব করা-এসব সমস্যা এ সময় বেশ পরিচিত। তাই শীতের যত্নে ময়েশ্চারাইজারের ব্যবহার বেড়ে যায়। তবে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পেট্রোলিয়াম জেলি নাকি গ্লিসারিন বেশি কার্যকর, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ডার্মাটোলজিস্ট ডা. শ্বেতা ত্রিপাঠি বলেন, ‘গ্লিসারিন আর ভ্যাসলিনকে আলাদা কিছু না ভেবে দল হিসেবে ভাবুন। গ্লিসারিন পানি টেনে আনে, আর ভ্যাসলিন সেই পানি ত্বকে ধরে রাখে।’ অর্থাৎ দুটিই ময়েশ্চারাইজার হলেও কাজের পথ ভিন্ন।

দীর্ঘদিন ধরে ত্বকের পরিচর্যায় এই দুটি উপাদান ব্যবহৃত হয়ে আসছে। দুটিই ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করলেও কাজ করার পদ্ধতি এক নয়। কোনটি ব্যবহার করবেন, তা নির্ভর করে ত্বকের ধরন ও প্রয়োজনের ওপর।

পেট্রোলিয়াম জেলি ও গ্লিসারিনের কাজ কী?

পেট্রোলিয়াম জেলি এবং গ্লিসারিন দুটিই ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ উপাদান। তবে গ্লিসারিন ত্বকে আর্দ্রতা টেনে আনতে সাহায্য করে, আর পেট্রোলিয়াম জেলি সেই আর্দ্রতা ধরে রাখতে ত্বকের ওপর সুরক্ষামূলক স্তর তৈরি করে।

পেট্রোলিয়াম জেলির উপকারিতা

পেট্রোলিয়াম জেলি ত্বকের ওপর একটি প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে। এর ফলে ত্বক থেকে পানি বেরিয়ে যাওয়ার পরিমাণ কমে এবং শুষ্কতা থেকে সুরক্ষা পাওয়া যায়।

বিশেষ করে ঠোঁট ফাটা, গোড়ালির রুক্ষতা, কনুই ও হাতের শুষ্ক ত্বকের যত্নে এটি বেশ কার্যকর। ত্বকের ক্ষতিগ্রস্ত অংশকে বাইরের প্রভাব থেকে রক্ষা করতেও এটি সহায়তা করে।

তবে এর ঘন ও তৈলাক্ত গঠনের কারণে অনেকের কাছে ব্যবহার কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে।

গ্লিসারিনের উপকারিতা

গ্লিসারিন এমন একটি উপাদান, যা বাতাস ও ত্বকের গভীর স্তর থেকে পানি টেনে এনে ত্বকের উপরিভাগে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ফলে ত্বক তুলনামূলক নরম ও কোমল থাকে।

এটি সাধারণত হালকা অনুভূতি দেয় এবং সহজে ত্বকে মিশে যায়। এ কারণে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার ও স্কিনকেয়ার পণ্যে গ্লিসারিন ব্যবহার করা হয়।

তবে অতিরিক্ত শুষ্ক পরিবেশে শুধু গ্লিসারিন ব্যবহার করলে পর্যাপ্ত উপকার নাও পাওয়া যেতে পারে। তাই এর সাথে আর্দ্রতা ধরে রাখার উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো।

শীতকালে কোনটি বেশি উপকারী?

শীতকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় ত্বকের পানি দ্রুত হারিয়ে যেতে পারে। এ সময় শুধু গ্লিসারিন ব্যবহার না করে এর সাথে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যেতে পারে।

প্রথমে গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বকে আর্দ্রতা যোগ করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী শুষ্ক অংশে অল্প পরিমাণ পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যায়। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়। ত্বকের যত্নে এই পদ্ধতিকে অনেক সময় ‘স্লাগিং’ বলা হয়।

তৈলাক্ত ও ব্রণপ্রবণ ত্বকে কোনটি ব্যবহার করবেন?

যাদের ত্বক তৈলাক্ত বা ব্রণপ্রবণ, তাদের জন্য গ্লিসারিনযুক্ত হালকা ময়েশ্চারাইজার ভালো বিকল্প হতে পারে। গ্লিসারিন নিজে সাধারণত পোর বন্ধ করে না।

অন্যদিকে পেট্রোলিয়াম জেলি সাধারণভাবে পোর বন্ধ করে এমন উপাদান হিসেবে বিবেচিত না হলেও পুরো মুখে ব্যবহার করলে কারও কারও কাছে অতিরিক্ত ভারী মনে হতে পারে। তাই ত্বকের প্রয়োজন বুঝে ব্যবহার করা উচিত।

সংবেদনশীল ও শুষ্ক ত্বকের যত্নে
সংবেদনশীল এবং অতিরিক্ত শুষ্ক ত্বকের ক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি বেশ উপকারী। এটি ত্বকের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা বজায় রাখতে এবং আর্দ্রতা হারানো কমাতে সাহায্য করে।

বিশেষ করে ত্বকের কোনো অংশ অতিরিক্ত শুষ্ক বা ফেটে গেলে সেখানে অল্প পরিমাণ পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। তবে গ্লিসারিনযুক্ত ময়েশ্চারাইজারও ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়ক।