মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা ও স্মৃতিশক্তি বাড়ানোর আশায় অনেকেই নিয়মিত ফিশ অয়েল বা মাছের তেলের ক্যাপসুল খান। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের জন্য উপকারী-এমন ধারণা থেকেই এসব সাপ্লিমেন্টের জনপ্রিয়তা বেড়েছে। তবে নতুন এক গবেষণা বলছে, নিয়মিত ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করলেই স্মৃতিশক্তি বা চিন্তাভাবনার ক্ষমতা বাড়বে, এমন নিশ্চয়তা নেই।
২০২৬ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কেক মেডিসিনের গবেষকদের পরিচালিত এই গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘ইবায়োমেডিসিন’ সাময়িকীতে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণকারীদের মস্তিষ্কের কার্যক্ষমতায় উল্লেখযোগ্য উন্নতির প্রমাণ পাওয়া যায়নি। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে গবেষণার এসব তথ্য তুলে ধরা হয়েছে।
গবেষণার প্রধান অনুসন্ধানকারী এবং ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সেন্টার ফর পারসোনালাইজড ব্রেন হেলথের পরিচালক হুসেইন নাজি ইয়াসিন বলেন, আলঝেইমার প্রতিরোধের কোনো সহজ উপায় সবাই খোঁজেন। তবে তাদের গবেষণায় দেখা গেছে, ফিশ অয়েল সাপ্লিমেন্ট মস্তিষ্কের স্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে-এমন প্রমাণ পাওয়া যায়নি।
তবে গবেষণার এই ফলাফলকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অপ্রয়োজনীয়তা হিসেবে দেখার সুযোগ নেই। মস্তিষ্কের কোষগুলোর মধ্যে সংযোগ বজায় রাখতে এই ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় মূলত সাপ্লিমেন্ট গ্রহণের মাধ্যমে স্মৃতিশক্তি কিংবা চিন্তাভাবনার ক্ষমতা বাড়ার উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
খাবার থেকে পাওয়া ওমেগা-৩ কি উপকারী?
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস শুধু মাছ নয়। আখরোট, তিসি ও চিয়াবীজের মতো খাবারেও এই পুষ্টি উপাদান রয়েছে। গবেষণার ফলাফল এসব খাবারের পুষ্টিগুণকে প্রশ্নবিদ্ধ করে না।
ভারতের পি ডি হিন্দুজা হাসপাতাল ও মেডিকেল রিসার্চ সেন্টারের স্নায়ুরোগ বিশেষজ্ঞ কৌস্তভ মহাজন বলেন, এই গবেষণা থেকে মাছ, আখরোট, তিসি বা চিয়াবীজের মতো খাবারে থাকা ওমেগা-৩-এর পুষ্টিগুণ অস্বীকার করার সুযোগ নেই।
তার মতে, সুষম খাদ্যের অংশ হিসেবে এসব খাবার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।
মস্তিষ্ক সুস্থ রাখতে করণীয়
বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে শুধু পুষ্টি সাপ্লিমেন্টের ওপর নির্ভর করা ঠিক নয়। বরং দৈনন্দিন জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাও জরুরি।
নিয়মিত শরীরচর্চা, পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং মানসিকভাবে সক্রিয় থাকার অভ্যাস মস্তিষ্কের কার্যক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তে অতিরিক্ত কোলেস্টেরলের মতো সমস্যাও নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।
বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট পুষ্টিগত চাহিদা পূরণে কিছু মানুষের জন্য ওমেগা-৩ সাপ্লিমেন্ট উপকারী হতে পারে। তবে আলঝেইমার রোগ প্রতিরোধ কিংবা স্মৃতিশক্তি কমে যাওয়া ঠেকাতে এসব সাপ্লিমেন্ট কার্যকর—এমন পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।


