...|...|...

আবহাওয়া

ভয়ংকর রূপ নিয়েছে ঘূর্ণিঝড় অর্ণব, সমুদ্রবন্দরে সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, রাত ৮:০৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, রাত ৮:১৩
Shares
ভয়ংকর রূপ নিয়েছে ঘূর্ণিঝড় অর্ণব, সমুদ্রবন্দরে সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ১৬ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩ দশমিক ০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টির অবস্থান ও গতিপথ সম্পর্কে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের আশপাশের সাগর খুবই উত্তাল রয়েছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সাথে চলাচল করতে বলা হয়েছে।