...|...|...

আবহাওয়া

ঘণ্টায় ১৫০ কি.মি. বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৮:৩৭ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪১
Shares
ঘণ্টায় ১৫০ কি.মি. বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ইয়ানাম উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বুধবার (২৮ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া এ ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল দমকা হাওয়া ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। ঝড়টির সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়ার সময় এ গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে।

আইএমডির সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত তিন ঘণ্টায় ঘূর্ণিঝড়টি ঘণ্টায় প্রায় ৩ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। পরবর্তী সময়ে এটি উত্তর অথবা উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। স্থলভাগে ঘূর্ণিঝড়টির আঘাত হানার প্রক্রিয়া আরও প্রায় তিন ঘণ্টা চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূল এবং ইয়ানাম উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করছে। এর বহিঃবলয় ইতিমধ্যে স্থলভাগে প্রবেশ করেছে। ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যটির মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় ২ হাজার ১৯৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ২ হাজার ৩৬০ জন গর্ভবতী নারীকে নিরাপদে চিকিৎসাকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির অগ্রসর হওয়ার গতি বেশি থাকায় এটি পূর্বাভাসের তুলনায় কিছুটা আগেই স্থলভাগে পৌঁছেছে। এর আগে বুধবার ভোর ২টা থেকে ৪টার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হয়েছিল।

ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।