আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউটের বর্তমান সক্ষমতা যাচাই এবং প্রয়োজনীয় সুপারিশ তৈরিতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদেদ্দী আলফেছানী এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিভিন্ন ভাষা শিক্ষাদানের বর্তমান সুযোগ-সুবিধা ও সক্ষমতা নিয়ে আলোচনা করা হয়। চীনা, জাপানি, কোরিয়ান, আরবি, ফরাসি ও ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখানোর কার্যক্রম আরও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার পাঠদান পদ্ধতি আধুনিক করা, নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালু এবং এ খাতে দক্ষ জনবল গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা মূল্যায়ন এবং করণীয় নির্ধারণে অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন গঠিত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের পর্যবেক্ষণ ও সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের কর্মক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ভাষা শেখার সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, বিশ্ব শ্রমবাজারের চাহিদা মাথায় রেখে আধুনিক ভাষা ইনস্টিটিউটের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করা প্রয়োজন। একই সাথে স্বল্পমেয়াদি ও সার্টিফিকেট কোর্সের পরিধি বাড়িয়ে বিদেশে কর্মসংস্থানে আগ্রহী তরুণদের প্রয়োজনীয় ভাষা দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে।
বিদেশে কাজের সুযোগ কাজে লাগাতে আগ্রহী তরুণদের তৃতীয় ভাষায় দক্ষ করে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।


