...|...|...

ক্যাম্পাস

ঢাবিতে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’ অনুষ্ঠিত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৫৫
Shares
ঢাবিতে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘অ্যাম্বার প্রেজেন্টেস ৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট অ্যান্ড ফ্রেশার্স রিসেপশন পাওয়ার্ড বাই ইস্টার্ন ব্যাংক পিএলসি’। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি (ডিইউকিউএস) আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও সংগঠনের ১ হাজার ১৭৪ জন প্রতিযোগী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শুরু হয় সকাল ১০টায়। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান উদ্বোধনী বক্তব্য দেন। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সার্বিক সাফল্য কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে আয়োজিত এ কুইজ ফেস্টে ছিল পাঁচটি সেগমেন্ট—ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল, ইন্টার-ক্লাব, সোলো কুইজ ও নোভিস কুইজ। এর মধ্যে নোভিস কুইজে শুধু বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত জোনাল রাউন্ড থেকে নির্বাচিত দলগুলো ফাইনাল পর্বে অংশ নেয়।

টিএসসি অডিটোরিয়ামে মেগা ফরম্যাটে দুটি রাউন্ডে অনুষ্ঠিত হয় ইন্টার-ডিপার্টমেন্ট, ইন্টার-হল ও সোলো কুইজ। এছাড়া ইন্টার-ক্লাব সেগমেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী কুইজাররা অংশ নেন।

ডিইউকিউএসের সভাপতি রোদাবা জামান আদৃতা বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় আমরা আমাদের নবীন সদস্যদের বরণ করে নিচ্ছি ‘ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’-এর মাধ্যমে। সেই সঙ্গে এ বছর আমরা যোগ করেছি নতুন একটি সেগমেন্ট ইন্টার-ক্লাব। আশা করছি, আমাদের নতুন উদ্যোগ এবং কুইজিংয়ের নিয়মিত চর্চার মাধ্যমে কুইজ সার্কিটে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সুনাম অক্ষুণ্ন রাখতে সক্ষম হবে।”

এবারের ইন্টার-ডিপার্টমেন্ট সেগমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদ থেকে ৭৯টি দল অংশ নেয়। লিখিত রাউন্ড শেষে অনুষ্ঠিত হয় ইন্টার-হল সেগমেন্ট, যেখানে বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীদের ৬৭টি দল অংশ নেয়। এরপর সোলো কুইজে অংশ নেন ৪৩৬ জন প্রতিযোগী। নবীনবরণের অংশ হিসেবে সোলো কুইজে বিনামূল্যে নিবন্ধনের সুযোগ রাখা হয়।

দুপুরের খাবারের বিরতির পর অনুষ্ঠিত হয় নোভিস কুইজ ফাইনাল। জোনাল রাউন্ড থেকে চারটি দল এবং সেমিফাইনাল থেকে দুইটি বিজয়ী দলসহ মোট ছয়টি দল এতে অংশ নেয়। পরে ইন্টার-ডিপার্টমেন্ট ও ইন্টার-হল সেগমেন্টের চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে মূল প্রতিযোগিতা শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত ইন্টার-ক্লাব সেগমেন্টে অংশ নেয় ৩৬টি দল এবং নোভিস কুইজের প্রথম রাউন্ডে অংশ নেয় ৭৪টি দল। সব মিলিয়ে এবারের আয়োজনে অংশগ্রহণ করেন ১ হাজার ১৭৪ জন প্রতিযোগী।

কুইজ ফেস্টের বিভিন্ন সেগমেন্ট পরিচালনা করেন কুইজমাস্টাররা। অনুষ্ঠানে কুইজমাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সিয়াম লাবিব, মো. রিফাত হোসেন, মোহাম্মদ আরিফ, হিমেল হাসান আকাশ, মো. আবির হোসেন, ফাতেহি নূর লিজা, সাব্বির হোসেন কাব্য ও মেহের নিগার। এছাড়া ইন্টার-ক্লাব সেগমেন্টে কুইজমাস্টারিং করেন নাঈমা বিনতে আব্দুল্লাহ ও শাহ মো. ইয়াসিন জাবেদ।

সব সেগমেন্ট শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বিজয়ী, রানার্স-আপ ও কুইজমাস্টারদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির আয়োজনের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন ও নবীনবরণ। ডিইউকিউএসের সদস্যরা নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে উপস্থিতদের বিনোদন দেন। নবীনদের বরণ করে নিতে সংগঠনের পক্ষ থেকে বিশেষ আয়োজনের পাশাপাশি উপহার সামগ্রীও দেওয়া হয়।