সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ডাক বিভাগ। পাশাপাশি ই-কমার্স খাতে লজিস্টিক সহায়তা দিতে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার চালুর চূড়ান্ত প্রস্তুতি এবং ৩১২ টনের বেশি মৌসুমি ফল নিরাপদে সরবরাহের মতো যুগান্তকারী উদ্যোগ নিয়েছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহাদের সাথে সংগতি রেখে ডাক বিভাগকে ধাপে ধাপে একটি আধুনিক লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, সেবার মান উন্নয়ন ও ডিজিটাল রূপান্তর—এই তিন মূল লক্ষ্য সামনে রেখেই বর্তমানে সাতটি খাতভিত্তিক কার্যক্রম একযোগে পরিচালনা করা হচ্ছে।
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস ও উদ্যোক্তা তৈরি
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সবচেয়ে আলোচিত উদ্যোগ হিসেবে চালু হয়েছে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস মডেল। এর মাধ্যমে বেসরকারি উদ্যোক্তারা ডাক বিভাগের নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে পিকআপ ও ডেলিভারির কাজ শুরু করেছেন।
ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে ডাক বিভাগকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি মডেল চালু হলে সেবার সময়সীমা ও ভৌগোলিক সীমাবদ্ধতা দূর হবে এবং বিপুলসংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে।
ডাক অধিদফতরের পরিচালক ড. মোহাম্মদ জিয়াউর রহমান জানান, নির্দিষ্ট নিয়মকানুন ও বিধিবিধান মেনে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজিগুলো সার্বক্ষণিকভাবে ডাক বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং কোনো অনিয়ম পেলে চুক্তি বাতিল করা হবে।
মৌসুমি ফল পরিবহন ও ডিজিটাল সেবা সংযুক্তি
সরকারের প্রথম ছয় মাসের কর্মপরিকল্পনায় কৃষিপণ্য পরিবহনেও এসেছে বড় সাফল্য। চলতি মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে ৩১২ টনের বেশি মৌসুমি ফল নিরাপদে সংগ্রহ করে সরাসরি গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে, যার ফলে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন।
প্রযুক্তিনির্ভর সেবার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মামলা ও নোটিশ সংশ্লিষ্ট প্রাপকের ঠিকানায় ডাকযোগে পাঠানোর কারিগরি প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়া ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর মাধ্যমে ঘরে বসেই ডাক জীবন বীমার প্রিমিয়াম পরিশোধ করার ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।
আধুনিক লজিস্টিকস ও গ্রিন ট্রান্সপোর্ট
মেইল প্রসেসিং ও লজিস্টিকস সেবার মান বাড়াতে দেশের বিভিন্ন পোস্ট অফিসে ৬ হাজার অ্যান্ড্রয়েড মোবাইল, ৬ হাজার থার্মাল প্রিন্টার ও ৫০০ কম্পিউটার সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি তিনটি মেইল মনিটরিং সফটওয়্যার তৈরির কাজ চলছে। পরিবেশবান্ধব ‘গ্রিন লজিস্টিকস’ নিশ্চিত করতে বহরে যুক্ত হয়েছে ৫০টি ইলেকট্রিক বাইক (ই-বাইক) এবং সর্বজনীন ডাক ইউনিয়ন (ইউপিইউ) থেকে প্রাপ্ত ৩৩টি নতুন ডেলিভারি মেইল ভ্যান।
১৪টি ফুলফিলমেন্ট সেন্টার
ই-কমার্স ও এফ-কমার্স খাতের পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রসেসিং ও ডেলিভারি সেবা সহজ করতে দেশের ১৪টি স্থানে ফুলফিলমেন্ট সেন্টার চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কেন্দ্রগুলো স্থাপিত হচ্ছে—রাজধানী ঢাকার তেজগাঁও, গোপালগঞ্জ, ঈশ্বরদী, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, রংপুর, বরিশাল, দিনাজপুর, হবিগঞ্জ, কুষ্টিয়া ও যশোরে।
ড. মোহাম্মদ জিয়াউর রহমান জানান, কেন্দ্রগুলোর আধুনিক অবকাঠামো নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন শুধু প্রশাসনিক ও প্রক্রিয়াগত কিছু ধাপ সম্পন্ন করে এগুলো আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।
সংশ্লিষ্টদের মতে, এসব উদ্যোগের সফল বাস্তবায়ন ঘটলে ডিজিটাল ও ই-কমার্সভিত্তিক অর্থনীতিতে সরকারি প্রতিষ্ঠান হিসেবে ডাক বিভাগের অবস্থান আরও সুদৃঢ় হবে।


