...|...|...

বিশ্ব

ট্রেনে ড্রোন হামলার শঙ্কা, সরানো হলো বরিস জনসনকে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:৪৪
Shares
ট্রেনে ড্রোন হামলার শঙ্কা, সরানো হলো বরিস জনসনকে

ড্রোন হামলার শঙ্কায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে পোল্যান্ডের উদ্দেশে যাওয়া একটি ট্রেন হামলার আশঙ্কায় যাত্রীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়।

ওই ট্রেনে বরিস জনসন ছাড়াও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের ঘনিষ্ঠ উপদেষ্টা গুন্টার সাউটারসহ ইউরোপের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। জার্মান সংবাদমাধ্যম ডের স্পিগেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় কর্মকর্তাদের বহনকারী ট্রেনটি রাতে কিয়েভ থেকে পোল্যান্ডের দিকে রওনা হয়। রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে পোলিশ সীমান্তের কাছাকাছি পৌঁছালে ওই এলাকায় ড্রোন হামলার সতর্কবার্তা পাওয়া যায়। এরপর ট্রেনের কয়েকটি অংশ থেকে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এর কিছুক্ষণ আগে একই রেলপথে কিয়েভ থেকে ওয়ারশগামী একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলার ঘটনা ঘটে। ট্রেন পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, হামলায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ আহত হননি।

গুন্টার সাউটার রাশিয়ার সাথে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের সাথে বৈঠকের জন্য কিয়েভে ছিলেন। তার সাথে ব্রিটেন, ফ্রান্স ও ইতালির নিরাপত্তা বিষয়ক উপদেষ্টারাও ছিলেন। শনিবার তিনি ইয়াল্টা ইউরোপীয় কৌশল সম্মেলনেও অংশ নেন।

ডের স্পিগেলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ট্রেনে সাউটার ছাড়াও ইউরোপের অন্যান্য নিরাপত্তা উপদেষ্টা, জার্মানির কয়েকজন আইনপ্রণেতা, কূটনীতিক ও শিক্ষাবিদ ছিলেন। সম্মেলন শেষে পোল্যান্ডে ফিরছিলেন বরিস জনসনও।

ড্রোনের সতর্কবার্তা পাওয়ার পর যাত্রীদের কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়া হলেও পরে ওই এলাকায় আর কোনো ড্রোন শনাক্ত হয়নি। এরপর পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় কেউ আহত হননি।