...|...|...

বিশ্ব

জার্মান পার্লামেন্টের সামনে থেকে জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ৮:২৩
Shares
জার্মান পার্লামেন্টের সামনে থেকে জাতীয় পতাকা সরিয়ে ফিলিস্তিনি পতাকা উত্তোলন

ছবি: সংগৃহীত

জার্মানির পার্লামেন্ট ভবনের সামনে থাকা একটি পতাকাদণ্ড থেকে দেশটির জাতীয় পতাকা সরিয়ে সেখানে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং এ বিষয়ে জার্মান সরকারের অবস্থানের প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলছে, ‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’ নামের একটি আন্দোলনকারী গোষ্ঠী এই কর্মসূচির কথা জানিয়েছে। সংগঠনটির দাবি, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে জার্মান রাজনীতিবিদদের নীরবতার প্রতিবাদ জানাতেই জাতীয় পতাকার জায়গায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, “বিশ্বের যেখানেই গণহত্যা ঘটুক না কেন, তা আমাদের সবার ওপরই প্রভাব ফেলে। মানবতার বিরুদ্ধে অপরাধ বন্ধ করার দায়িত্ব থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না।”

আন্দোলনকারীরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে তাঁরা জার্মান জনগণের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চান। একই সঙ্গে হলোকাস্টের পর প্রচলিত ‘নেভার অ্যাগেইন’ বা ‘আর কখনো নয়’ অঙ্গীকারের প্রকৃত অর্থ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

সংগঠনটি আরও প্রশ্ন তুলেছে, সরকারগুলো আন্তর্জাতিক আইন মেনে না চললে সেই আইনের কার্যকারিতা কোথায়? মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য না হলে তার মূল্যই বা কী?

আন্দোলনকারীদের ভাষ্য, মানবিক বিপর্যয়ের মুখে নীরব না থেকে স্বাধীনতা, মানবাধিকার এবং সব মানুষের জীবনের পক্ষে অবস্থান নেওয়া নাগরিক সমাজের দায়িত্ব।