...|...|...

বিশ্ব

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩৮ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩০
Shares
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২

ছবি: সংগৃহীত

শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে জাপানে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে টোকিওর আশপাশের এলাকায় ব্যাপক বন্যা, ভূমিধস ও পরিবহন বিপর্যয় দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার ১৬ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) টাইফুন দুজুয়ান ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার গতির বাতাস নিয়ে রাজধানী টোকিওর কাছাকাছি কাতসুউরা শহরের প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ দিয়ে অতিক্রম করে। এতে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কিয়োদো নিউজ জানিয়েছে, টাইফুনের প্রভাবে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে টাইফুনটি উপকূল থেকে সরে গিয়ে কিছুটা দুর্বল হয়। এরপর এটি উত্তর-পূর্ব দিকে সমুদ্রপথে আলেউশিয়ান দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হতে শুরু করে।

সংস্থাটির কর্মকর্তা তাকুয়া হোসোমি বলেন, সতর্কতা জারি থাকা এলাকাগুলোতে টাইফুন উত্তর দিকে সরে যাওয়ার সময়ও বৃষ্টি অব্যাহত থাকার ঝুঁকি রয়েছে।

ঝড়ের কারণে সোমবার জাপান এয়ারলাইনসের ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজের ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়। এতে বিভিন্ন বিমানবন্দরে যাত্রীরা আটকা পড়েন। টোকিও ও ওসাকার মধ্যে চলাচলকারী বুলেট ট্রেনসহ বেশ কয়েকটি রেল পরিষেবাও স্থগিত করা হয়।

জাপান আবহাওয়া সংস্থা আগেই সতর্ক করে জানিয়েছিল, টাইফুন আঘাত হানার আগেই বৃষ্টি ও বাতাসের তীব্রতা বাড়তে পারে। মঙ্গলবার পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ সেপ্টেম্বরের গড় মাসিক বৃষ্টিপাতকে ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে জনপ্রিয় পর্যটনকেন্দ্র কামাকুরা স্টেশনের সামনের সড়কগুলো পানিতে তলিয়ে থাকতে দেখা যায়। কামাকুরার মেয়র তাকাশি মাতসুও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, শহরের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেওয়ায় গাড়িতে চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে।

টোকিওর পূর্বে অবস্থিত ইচিকাওয়া শহরের কিছু অংশও বন্যার পানিতে তলিয়ে যায়।

টাইফুনের প্রভাবে বিশ্বের অন্যতম বৃহৎ ভিডিও গেম বাণিজ্য মেলা ‘টোকিও গেম শো’ শেষ দিনে নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়। চিবা এলাকায় আয়োজনের কথা থাকা একটি বড় বহিরাঙ্গন সংগীত উৎসব ও একটি বেসবল ম্যাচও বাতিল করা হয়েছে।

দুজুয়ান চলতি বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন। গ্রীষ্মের শেষ ও শরতের শুরুর সময়ে জাপানে প্রায়ই শক্তিশালী টাইফুন আঘাত হানে।