বগুড়ার সোনাতলায় ছেলের মৃত্যুর খবর শোনার ঘণ্টাখানেকের মধ্যে মারা গেছেন মা তারা বেগম (৬২)। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মা-ছেলের মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) সকালে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে তাদের।
মারা যাওয়া ছেলে তারাজুল ইসলাম (৪৫) ও তার মা তারা বেগম উপজেলার বালুয়া ইউনিয়নের ধর্মকুল গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে রিকশা চালানোর জন্য বগুড়া শহরে যান তারাজুল। বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন তার মা, স্ত্রী, সন্তান ও স্বজনেরা। ছেলেকে হারিয়ে শোকে মুহ্যমান হয়ে পড়েন তারা বেগমও।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মসজিদের মাইকে তারাজুলের মৃত্যুর খবর প্রচার করা হলে মায়ের অস্থিরতা আরও বেড়ে যায়। এর প্রায় এক ঘণ্টা পর তিনিও মারা যান। মা-ছেলের এমন মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, ছেলের মৃত্যুর খবর পেয়ে তার মা মারা গেছেন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। বুধবার সকালে মা ও ছেলেকে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।


