শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সব পূজামণ্ডপ পরিদর্শন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী তিনি ডাসার উপজেলার ৪১টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর আগে নির্বাচনী এলাকার কালকিনি উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ নিয়ে মাদারীপুর-৩ আসনের সব পূজামণ্ডপ পরিদর্শন সম্পন্ন করেন সংসদ সদস্য।
পূজামণ্ডপ পরিদর্শনকালে আনিসুর রহমান খোকন তালুকদার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে অনেকে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন তাদের মাঠে দেখা যাচ্ছে না। আমি মাদারীপুর-৩ আসনের প্রতিটি পূজামণ্ডপে গিয়েছি এবং সবার সাথে দেখা করেছি। তিনি এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন।
পরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য। এ সময় তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান মাহমুদ, ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

