...|...|...

রাজশাহী

জানাজা শেষে নওগাঁর ৭ প্রবাসীর লাশ পরিবারের কাছে হস্তান্তর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, সকাল ১১:৫১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:২৬
Shares
জানাজা শেষে নওগাঁর ৭ প্রবাসীর লাশ পরিবারের কাছে হস্তান্তর

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন হয়েছে। এরপর লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে ওগাঁর আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসাথে তাদের জানাজা অনুষ্ঠিত হয় ।

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের অগ্নিকাণ্ডে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের লাশ দেশে আসে। এদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলাতে। লাশগুলো বিমানবন্দর থেকে প্রশাসনের সহায়তায় রাত দেড়টার দিকে আত্রাই উপজেলাতে আসে। 

জানাজা নামাজে নওগাঁ-৬ (আত্রাই -রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন৷ 

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহতদের পরিবারকে ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড থেকে সহযোগিতা করা হয়েছে। তাদেরকে ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। বাকি লাশগুলো দেশে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর সাতজন হলেন, আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামানিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং উপজেলার পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।