...|...|...

বিশ্ব

গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ জনের লাশের একসাথে জানাজা, অংশ নিলেন হাজারো মানুষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৪
Shares
গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭০ জনের লাশের একসাথে জানাজা, অংশ নিলেন হাজারো মানুষ

ছবি: সংগৃহীত

গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া প্রায় ৭০ জনের লাশের জানাজায় অংশ নিয়েছেন হাজারো ফিলিস্তিনি। রবিবার (১৫ নভেম্বর) গাজা সিটির উত্তরে আল-সাফতাউই এলাকায় তাঁদের জানাজা ও দাফন সম্পন্ন হয়। সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দখলদার ইসরায়েলি বোমা হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপ থেকে এসব লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের সদস্যরা। প্রয়োজনীয় সরঞ্জামের সংকট থাকলেও তারা উদ্ধারকাজ চালিয়ে যান। দাফন হওয়া প্রায় ৭০ জনের মধ্যে এখন পর্যন্ত ৬০ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

ওয়াফা জানিয়েছে, গাজার বিভিন্ন এলাকায় এখনো ধ্বংসস্তূপের নিচে আনুমানিক ৮ হাজার মানুষের লাশ চাপা পড়ে আছে। তাদের অনেকের লাশ ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলি সামরিক অভিযানের প্রথম দিক থেকেই সেখানে পড়ে রয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে গাজার বিস্তীর্ণ আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ পর্যন্ত অন্তত ৭৭ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও প্রাণহানি বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুদ্ধের ধ্বংসযজ্ঞে পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও বর্জ্য অপসারণব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ওষুধ, পর্যাপ্ত আশ্রয় ও বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। সাম্প্রতিক বন্যায় অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বাস্তুচ্যুত পরিবারগুলোর পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

শনিবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গাজায় অব্যাহত সামরিক হামলা এবং আশ্রয় উপকরণ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বিধিনিষেধের কারণে সেখানে বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। গাজায় প্রবেশের সব সীমান্তপথ খুলে দেওয়া এবং বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।