সৌদি আরবের মক্কা অঞ্চল লক্ষ্য করে হুথিদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াইরত জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোন দুটি প্রতিহত করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে ড্রোন দুটি ভূপাতিত করার ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এ ঘটনায় হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে মক্কা অঞ্চলকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছিল গোষ্ঠীটি।
এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সৌদি আরবের দিকে চালানো এসব হামলার বেশ কয়েকটি প্রতিহত করার দাবিও করেছে তারা।


