প্রধানমন্ত্রী তারেক রহমান-এর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) দিনগত গভীর রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের চতুর্থ শ্রেণির কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি আলোচিত একটি ঘটনার পর অভিযুক্ত তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেন। বিষয়টি নজরে এলে তদন্ত শুরু করা হয় এবং প্রমাণ পাওয়ার পর তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে। গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


