মৌলভীবাজার জেলায় গত দুই মাসে হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাব টেস্টে হাম আক্রান্ত ১৬ জন ও রুবেলা আক্রান্ত ২ জনসহ মোট ১৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, হাম-রুবেলা টিকাদান কর্মসূচির ৯ শতাংশ লক্ষ্যমাত্রা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে টিকা না নেওয়া ১ শতাংশ শিশুই এখন ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।
মৌলভীবাজার সিভিল সার্জন সূত্রে জানা গেছে, ১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত জেলায় হামের লক্ষণ নিয়ে প্রায় ৫ শতাধিক শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ল্যাব টেস্টে ১৬ জনের হাম ও ২ জনের রুবেলা পজিটিভ এসেছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা সদর হাসপাতালে ২০ বেডের এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ১০ বেডের আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। হামের উপসর্গ দেখা দিলে শিশুকে আলাদা রাখা, প্রচুর তরল খাওয়ানো এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, হাম প্রতিরোধযোগ্য রোগ। ২ ডোজ টিকাই শিশুকে ৯৭ শতাংশ সুরক্ষা দেয়। যারা এখনো টিকা নেননি, তাদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। আতঙ্ক নয়, সচেতনতাই পারে শিশুকে রক্ষা করতে।
মৌলভীবাজার সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, ‘জেলায় হামের টিকা নিশ্চিত করা হয়েছে। টিকাদানের ৯ শতাংশ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। তবে টিকা দেওয়ার পর কমপক্ষে ১ মাস সময় লাগে তা পুরোপুরি কার্যকর হতে। যে শিশুরা টিকা পায়নি, তারাই এখন বেশি ঝুঁকিতে রয়েছে ‘


