পুলিশ হাউজিংয়ের বাড়িতে মাদক ও জুয়ার আসর পরিচালনার মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগ ওঠার পর অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দফতরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত রাখা হবে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল।
অভিযানকালে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি নারী ও পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের একজন নাগরিকও রয়েছেন।
বাড়িটিতে মাদক ও জুয়ার আসর পরিচালনার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। তবে অভিযোগের বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।


