...|...|...

রাজধানী

দুর্গাপূজার ছুটিতে ফাঁকা ঢাকার সড়ক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১২
Shares
দুর্গাপূজার ছুটিতে ফাঁকা ঢাকার সড়ক

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটি কাটাতে রাজধানী ছাড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে ঢাকার সড়কগুলোতে যানবাহনের চাপ কমে এলেও বাস টার্মিনাল ও রেলস্টেশনে বেড়েছে ঘরমুখো যাত্রীদের ভিড়।

পূজার ছুটির সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার পাঁচ দিনের অবকাশ পেয়েছেন অনেকে। সোমবার শেষ কর্মদিবসেই অনেকে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবারও বাড়ির পথে রওনা হচ্ছেন অনেকে। ফলে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে যানজট কমে এসেছে।

সড়কে যানবাহনের চাপ কম থাকায় বাস টার্মিনাল ও রেলস্টেশনে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। তবে গন্তব্যে যাওয়ার জন্য বাস ও ট্রেন ধরতে গিয়ে অনেককে ভিড়ের মুখে পড়তে হচ্ছে।

সিরাজগঞ্জে গ্রামের বাড়ি যাওয়ার জন্য মহাখালী বাস টার্মিনালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাপন কুমার সরকার। তিনি জানান, ক্যাম্পাস থেকে টার্মিনালে সহজে পৌঁছাতে পারলেও সেখানে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখেছেন।

একই অভিজ্ঞতার কথা জানান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়েফউদ্দীন আহমেদ। তার ভাষ্য, কুড়িল এলাকা থেকে বের হতে অন্য দিনের তুলনায় কম সময় লেগেছে। তবে রেলস্টেশনে গিয়ে দেখেছেন বিপুলসংখ্যক যাত্রীর উপস্থিতি।

ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়ার জন্য সোমবার সন্ধ্যায় কমলাপুর রেলস্টেশনে গিয়েও ভিড়ের কারণে ফিরে আসেন বেসরকারি চাকরিজীবী মাশরাফি শোভন। মঙ্গলবার যেভাবেই হোক বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

অন্যদিকে, সায়েদাবাদ বাস টার্মিনালে ভিড় থাকায় ঝালকাঠির যাত্রী তন্ময় চন্দ্রকে দোলাইরপাড় থেকে বাসে উঠতে হয়েছে।

ঢাকার সড়কে যানবাহনের চাপ কমার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তিনি বলেন, পূজার ছুটি ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানীতে গাড়ির চাপ কমেছে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা সহজ হয়েছে।

রাজধানীর যানজট কমাতে দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এর মধ্যে নির্দিষ্ট স্কুলবাস চালু, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানো এবং বাস টার্মিনালগুলো রাজধানীর বাইরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর সড়কে যান চলাচল আরও স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।