আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের সাম্প্রতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পেট্রল ও ডিজেলের খুচরা মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। খবর আল জাজিরার।
দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার থেকে এই নতুন দাম কার্যকর হচ্ছে।
নতুন এই মূল্য সমন্বয়ের ফলে প্রতি টন পেট্রলের দাম ২৬০ ইউয়ান (প্রায় ৩৮.৭৬ মার্কিন ডলার) এবং ডিজেলের দাম প্রতি টনে ২৫০ ইউয়ান (প্রায় ৩৭.২৭ মার্কিন ডলার) বৃদ্ধি পাচ্ছে।
দাম বাড়ার পর ডিজেল গ্রাহকদের প্রতি লিটার (০.২৬ গ্যালন) ৭.৯৬ ইউয়ান বা ১.১৯ ডলার পরিশোধ করতে হবে। অন্যদিকে, পেট্রল গ্রাহকদের প্রতি লিটার ৮.২৫ ইউয়ান থেকে ৮.৬৮ ইউয়ান বা ১.২৩ থেকে ১.২৯ ডলারের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে।
সিনহুয়ার তথ্য অনুযায়ী, গত ২৮ আগস্ট পরিশোধিত তেলের দামের সর্বশেষ সমন্বয়ের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণেই এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে এনডিআরসি।


