...|...|...

ক্যাম্পাস

চবিতে প্রথমবারের মতো অনলাইন সনদ-ট্রান্সক্রিপ্ট সেবা চালু

চবি প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০২
Shares
চবিতে প্রথমবারের মতো অনলাইন সনদ-ট্রান্সক্রিপ্ট সেবা চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলন ও যাচাইয়ের জন্য প্রথমবারের মতো চালু হয়েছে অনলাইন সেবা। ‘সিইউ সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্টস পোর্টাল’ চালুর মাধ্যমে এখন থেকে দেশে-বিদেশে অবস্থানরত চবির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অনলাইনে এসব সেবার জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চবি উপাচার্য দপ্তরের সিনেট কক্ষে আনুষ্ঠানিকভাবে নতুন এ অনলাইন পোর্টালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

নতুন এ পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা সনদপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাগত নথি যাচাইয়ের জন্যও আবেদন করা যাবে। আবেদনের নির্ধারিত ফি অনলাইনে পরিশোধের সুযোগ থাকছে। আবেদন জমা দেওয়ার পর এর সর্বশেষ অবস্থা ও অগ্রগতিও অনলাইনে পর্যবেক্ষণ করা যাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এতদিন সনদ ও ট্রান্সক্রিপ্ট-সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি যোগাযোগ করতে হতো। বিশেষ করে দেশের বাইরে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের এসব সেবা নিতে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হতো। নতুন পোর্টাল চালুর ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে আবেদন করা সম্ভব হবে। এতে আবেদন প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি সময় ও যাতায়াতের ভোগান্তি কমবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ ডিজিটাল ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যেই এ নতুন ওয়েবলিংক চালু করা হয়েছে। প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের ফলে প্রশাসনিক কাজের গতি বাড়ার পাশাপাশি শিক্ষার্থীরা ভোগান্তিমুক্তভাবে সেবা পাবেন। শিগগিরই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রশাসনিক ও একাডেমিক সেবাও স্বয়ংক্রিয় অটোমেশন ব্যবস্থার আওতায় আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মমতাজ উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর মোহাম্মদ রোকন উদ্দীন ফারুকী এবং চাকসু প্রতিনিধি ইব্রাহীম হোসেন রনি, সাঈদ বিন হাবিব ও আইয়ুবুর রহমান তৌফিক।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, সহকারী প্রক্টর, ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক এবং আইসিটি সেল ও পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।