...|...|...

চট্টগ্রাম

চট্টগ্রামে হাম-ডেঙ্গুর থাবা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ জনের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৩
Shares
চট্টগ্রামে হাম-ডেঙ্গুর থাবা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ জনের

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ডেঙ্গু ও হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি এবং অন্য দুজন শিশু। একই সময়ে ডেঙ্গু ও হাম উপসর্গ নিয়ে নতুন করে ১০৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তির নাম মো. নুরুদ্দিন (৩৬)। তিনি সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৪৬ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮ হাজার ৪৭০ জন।

অন্যদিকে, একই সময়ে হাম উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু। তাদের একজন ৯ মাস বয়সী আয়াজ। সে আনোয়ারার তৈলারদ্বীপ এলাকার শফিকুল আলমের ছেলে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

অপর শিশুর নাম ইফরা জান্নাত। ১০ মাস বয়সী এই শিশু রাউজানের গহিরা নোয়াজিশপুর এলাকার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ ইমরান। মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জন হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর হাম উপসর্গ নিয়ে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে ১২ হাজার ৪৩৬ জন।