...|...|...

বিশ্ব

নিখোঁজ ৫

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে ভবন ধস, নিহত ২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৪৯
Shares
গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে ভবন ধস, নিহত ২

ছবি: সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সের অন্যতম প্রধান পর্যটন এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণের পর দোতলা একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি ঘটেছে এবং এখনও অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গ্রিসের ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সের তথ্য মতে, স্থানীয় সময় শুক্রবার এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি গ্রিসের অন্যতম দর্শনীয় স্থান আক্রেপোলিস এবং জিউসের মন্দির-এর অত্যন্ত কাছাকাছি অবস্থিত। এই আকস্মিক বিস্ফোরণে ভবনটি ধসে পড়ার পাশাপাশি তিনজন আহত হয়েছেন এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়িঘর, দোকানপাট ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকারী কুকুর ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ভবনের একটি ফ্ল্যাটে বসবাসকারী এক বয়স্ক দম্পতি এবং অন্য ফ্ল্যাটে অবস্থানরত চারজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

শনিবার ভোরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরাতে গিয়ে এক তরুণীর লাশ উদ্ধার করেন। দুমড়েমুচড়ে যাওয়া লোহা, ভাঙা ব্যালকনি ও ঝুলন্ত কংক্রিটের স্ল্যাবের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ পর্যটকদের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে শুক্রবার দুপুর ৩টায় এথেন্স বিমানবন্দর থেকে ফ্লাইট ধরার কথা থাকায় তারা ওই দিনই হোটেল ছাড়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ে তারা চেকআউট করেননি।