জাপানের পূর্বাঞ্চলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে চিবা ও ইবারাকি প্রিফেকচার-এ আঘাত হানা এই দুই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
কিয়োডো নিউজের প্রতিবেদন অনুযায়ী, জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি-এর তথ্য সূত্রে জানা গেছে—প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে উত্তর-পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচার-এ আঘাত হানে, যার প্রাথমিক তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮।
আনাদোলু বলছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) গভীরে উৎপত্তিস্থল থাকা এই ভূমিকম্পটির তীব্রতা জাপানের সাত-পয়েন্ট বিশিষ্ট সিসমিক ইন্টেনসিটি স্কেলে আসাহি সিটিতে ৪ রেকর্ড করা হয়েছে। এছাড়া প্রতিবেশী ইবারাকি প্রিফেকচারসহ আশেপাশের এলাকাগুলোতেও এর কম্পন অনুভূত হয়।
এর প্রায় তিন ঘণ্টা পর, সকাল ৭টা ১৪ মিনিটে (বুধবার ২২১৪ জিএমটি) ইবারাকিতে ৪ দশমিক শূন্য মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। আবহাওয়া সংস্থা জানিয়েছে, হিতাচিওমিয়া শহরে এর তীব্রতা ছিল ৩ এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল)। তবে এই দুই ভূমিকম্পের কোনোটির ফলেই সুনামি সৃষ্টি হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, জাপানে সম্প্রতি বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। গত ১ অক্টোবর উত্তর-পূর্বাঞ্চলীয় চিবায় ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার আগে গত ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪ দশমিক ৯ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছিল। এছাড়া গত ২৩ আগস্ট অঞ্চলটিতে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে টোকিওতে ৪০ জনেরও বেশি মানুষ আহত হন।


