তুরস্কের ইস্তাম্বুলের মালতেপে জেলায় একটি ৮ তলা ভবনের নিচের তলাগুলো হঠাৎ ধসে পড়ার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ঘটা এই দুর্ঘটনায় ধসে পড়া অংশে আরও সাতজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তুর্কি টুডে সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সকাল আনুমানিক ৫টা ৪০ মিনিটে সেভজিলি এলাকার দোঘু সড়কে অবস্থিত ভবনটির প্রথম তিনটি তলা অজ্ঞাত কারণে আংশিক ধসে পড়ে। জরুরি সেবাকেন্দ্র এই খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠিয়ে দেয়।
উদ্ধার অভিযান ও আটকে পড়াদের পরিস্থিতি
ধসে পড়া ভবনের ওপরের তলাগুলোতে অক্ষত অবস্থায় আটকে থাকা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছেন উদ্ধারকর্মীরা। একই সাথে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলো ধসে যাওয়া অংশে কাজ চালিয়ে যাচ্ছে।
ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সাতজনের মধ্যে চারজনের সাথে উদ্ধারকর্মীরা যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। এছাড়া মোট ১২ জনের মধ্যে ৬ জনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে স্থানীয় কর্তৃপক্ষেরর পক্ষ থেকে একটি তদন্ত শুরু করা হয়েছে।


