...|...|...

বিশ্ব

টেক্সাসে আন্দোলনের মুখে ট্রাম্প, বললেন ‘সবাই ভাড়া করা বিক্ষোভকারী’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১:৪৯
Shares
টেক্সাসে আন্দোলনের মুখে ট্রাম্প, বললেন ‘সবাই ভাড়া করা বিক্ষোভকারী’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্টোনিও শহরে রিপাবলিকান সেনেট প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দফায় দফায় বিক্ষোভে বাধা পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের ‘দেশের শত্রুদের দ্বারা অর্থ দিয়ে পাঠানো’ হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সমাবেশস্থল থেকে কমপক্ষে নয়জন বিক্ষোভকারীকে বাইরে বের করে দেওয়া হয়। তবে হোয়াইট হাউসের পুল রিপোর্টারদের প্রাক্কলন অনুযায়ী, প্রায় ১২ জন ব্যক্তি এই অনুষ্ঠানে হাঙ্গামা সৃষ্টি করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

বিক্ষোভের কারণে ট্রাম্প যখনই তার বক্তব্য থামাতেন, তখনই উপস্থিত জনতা সমস্বরে চিৎকার করে তাদের তিরস্কার করতে শুরু করে এবং পরবর্তীতে ইউএসএ! ইউএসএ! স্লোগান দিতে থাকে।

মঞ্চের কাছাকাছি এক বিক্ষোভকারীকে সরিয়ে দেওয়ার সময় ট্রাম্প বলেন, সে এখন মায়ের কাছে বাড়ি ফিরে যাচ্ছে। এরপর তিনি যোগ করেন, সে যা জানে না তা হলো—তার মা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন।

এর কিছুক্ষণ পরে আরেক ব্যক্তিকে বের করে দেওয়ার সময় ট্রাম্প মন্তব্য করেন, ওই লোকটার অনেক ওজন কমাতে হবে।

বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা জানেন, এই বিক্ষোভকারীদের অনেকেই ভাড়া করা। তারা ভাড়ায় এসেছে। আমাদের দেশের শত্রুরাই তাদের টাকা দিয়ে পাঠিয়েছে। এরপর তিনি আরও বলেন, যদি আরও কোনো ভাড়া করা বিক্ষোভকারী থেকে থাকেন, দয়া করে হাত তুলুন এবং যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যান।

বক্তব্যের মূল এজেন্ডায় ফিরে ট্রাম্প জানান যে তাঁর প্রশাসন ‘কোটি কোটি ডলার’ খুঁজে পেয়েছে, যা মেডিকেয়ার ব্যবস্থার উন্নতির জন্য খরচ হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে তা হয়নি।

তিনি বলেন, যেমনটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেই টাকা আমেরিকার প্রবীণ নাগরিকদের ফিরিয়ে দিচ্ছি।

তিনি আনন্দ প্রকাশ করে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কাল থেকে মেডিকেয়ারের আওতায় থাকা ২০ মিলিয়নেরও বেশি প্রবীণ নাগরিক ১০০ ডলারের বেশি চেক বা সরাসরি ডিপোজিট পেতে শুরু করবেন। এর মধ্যে ১ কোটি ৪০ লাখেরও বেশি প্রবীণ শুধু টেক্সাস রাজ্যেরই বলে জানান তিনি।

উল্লেখ্য, আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হাউস এবং সেনেট—উভয় কক্ষেই জয়লাভ করলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতিও পুনরায় ব্যক্ত করেন ট্রাম্প।

তিনি বলেন, আমি যা যা বলেছি, আপনারা তার সবই পাবেন। আপনারা ৫ হাজার ডলার পাবেন, কারণ আপনারা এর যোগ্য।