ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরাক। এরই অংশ হিসেবে কোনো পূর্বঘোষণা ছাড়াই ইরানের রাজধানী তেহরান সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। কয়েক ঘণ্টার এই সফরে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে বৈঠক করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার আকস্মিকভাবে তেহরান সফরে যান ইরাকি প্রধানমন্ত্রী।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে ফার্স জানায়, সফরকালে ইরাকি প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদল ইরানের পার্লামেন্টের স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে বৈঠক করেন।
বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ বন্ধে বাগদাদের কূটনৈতিক উদ্যোগ নিয়েই আলোচনা হয়। সূত্রটির দাবি, আলোচনায় অন্য কোনো বিষয় স্থান পায়নি।
ইরাকের মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করে বাগদাদকে ধন্যবাদ জানান গালিবাফ। একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সমঝোতা বাস্তবায়নে ইরানের দুই দিনের পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন তিনি।
গালিবাফ বলেন, আলোচনা এগিয়ে নিতে হলে ইরানের উত্থাপিত পরিকল্পনার আওতায় দেশটির ন্যায্য অধিকারগুলোকে যুক্তরাষ্ট্রের সম্মান করতে হবে। এসব শর্ত মেনে নেওয়া ছাড়া আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলে তেহরানের অবস্থান তুলে ধরেন তিনি।
তবে ইরাকি প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে আগে থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সফরের খবর প্রকাশের পরও তেহরান বা বাগদাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


