ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের হিমায়নব্যবস্থা বা রেফ্রিজারেশন ইউনিটে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করেছে ফ্রান্স। এসব হামলার ঘটনায় অগ্নিকাণ্ড ও বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।
সোমবার (৯ নভেম্বর) ফ্রান্সের কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক এসব সাইবার হামলার সাথে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিটের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। একই সাথে ইউরোপীয় পর্যায়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, আইআরজিসির সাথে সংশ্লিষ্ট আক্রমণাত্মক সাইবার ইউনিট ‘শহীদ কাভেহ’-এর প্রধান এবং তার দুই উপপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।
ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ, এই সাইবার ইউনিট ইউরোপের সুপারমার্কেটগুলোর হিমায়নব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর ফলে কিছু স্থানে আগুন লাগার পাশাপাশি সংরক্ষিত খাদ্যপণ্য নষ্ট হয়েছে।
তবে হামলায় মোট কতটি সুপারমার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরানের পক্ষ থেকেও এসব অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়ার তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


