...|...|...

খেলা

গেইলকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন যে বোলার, নিজেই জানালেন তার নাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০০
Shares
গেইলকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন যে বোলার, নিজেই জানালেন তার নাম

ক্রিস গেইল। ছবি: সংগৃহীত

বোলারদের ওপর বিধ্বংসী ব্যাটিং দিয়ে টি-টোয়েন্টিতে আলাদা পরিচিতি তৈরি করেছেন ক্রিস গেইল। তবে ক্যারিয়ারে এমন একজন বোলার ছিলেন, যার বিপক্ষে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং থেকেও কিছুটা সরে যেতে হতো ‘ইউনিভার্স বস’কে। গেইলের মতে, টি-টোয়েন্টিতে তার মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন বোলার ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।

‘মিডউইকেট স্টোরিজ’ কে দেওয়া এক সাক্ষাৎকারে টি-টোয়েন্টিতে সবচেয়ে কঠিন বোলারের নাম জানতে চাওয়া হলে মালিঙ্গার নাম নেন গেইল। মালিঙ্গার বিপক্ষে ব্যাট করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘সেই সময় মালিঙ্গা। তার অ্যাকশনটা এমন ছিল যে, তার বিপক্ষে ব্যাট করা খুব কঠিন ছিল। সে আমাকে আউট করতে পারেনি, কিন্তু তার বিপক্ষে ব্যাট করা ভীষণ কঠিন ছিল। আমি নিজের পজিশন এমন জায়গায় রাখতে পারতাম না, যাতে তাকে ঠিকমতো মারতে পারি।’

টি-টোয়েন্টি ক্রিকেটে গেইলের ব্যাটিং সামর্থ্যের পরিসংখ্যানই তার পরিচয় দেয়। আইপিএলে ৪ হাজার ৯৬৫ রান করেছেন ক্যারিবীয় এই তারকা। এর মধ্যে ছয়টি সেঞ্চুরি রয়েছে, যা এখনো আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। ছক্কার সংখ্যাতেও সবার ওপরে তিনি  আইপিএলে তার ছক্কা ৩৫৭টি।

২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে গেইল খেলেছিলেন ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস। মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেন তিনি। এখনো আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। সেই ম্যাচে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে যে রেকর্ড গড়েছিলেন, সেটিও এখনো টিকে আছে।

অন্যদিকে টি-টোয়েন্টিতে ব্যাটারদের জন্য বড় আতঙ্ক ছিলেন মালিঙ্গা। আইপিএলে ১২২ ম্যাচ খেলে ১৭০ উইকেট শিকার করেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জিতেছেন চারটি শিরোপা। ২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নেওয়া তার আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিং। তার অস্বাভাবিক স্লিং অ্যাকশন, নিখুঁত ইয়র্কার এবং ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং তাকে আলাদা করে তুলেছিল।

মালিঙ্গার বোলিংয়ের কোন দিকটি তাকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলত, সেটিও জানিয়েছেন গেইল। বিশেষ করে মালিঙ্গার স্লোয়ার বল বুঝতে তার সমস্যা হতো। গেইল বলেন, ‘তার স্লোয়ার বলও আমি কোনোভাবেই বুঝতে পারতাম না। সেটা ছিল ভীষণ ধোঁকাবাজির মতো। টি-টোয়েন্টি ব্যাটার হিসেবে সে আমার জন্য সত্যিই খুব কঠিন ছিল।’

মালিঙ্গার বিপক্ষে নিজের স্বাভাবিক ব্যাটিং কৌশলও বদলে ফেলেছিলেন গেইল। যেখানে অন্য বোলারদের আক্রমণ করাই ছিল তার মূল লক্ষ্য, সেখানে মালিঙ্গার ক্ষেত্রে আগে উইকেটে টিকে থাকার পরিকল্পনা করতেন তিনি।

গেইল বলেন, ‘তখন আমি ভাবতাম, ঠিক আছে, আগে টিকে থাকি। আমি চেষ্টা করতাম বল ঠেকাতে, ইউনিভার্সাল বসের জন্য যেটা খুবই বেমানান। কিন্তু আমি তার বেলায় চেষ্টা করতাম স্ট্রাইক থেকে সরে যেতে এবং অন্য বোলারদের আক্রমণ করতে। কোনো বোলারকে যদি বুঝতে না পারি, তাহলে একটু বুদ্ধি খাটিয়ে নিরাপদে খেলাই ছিল আমার পরিকল্পনা।’

মালিঙ্গার বিপক্ষে গেইলের পরিসংখ্যানও তার বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টি-টোয়েন্টিতে মালিঙ্গার ৭২ বল মোকাবিলা করে গেইল করেছেন মাত্র ৫৭ রান। তার স্ট্রাইক রেট ছিল ৭৯.২। এই সময়ে আটটি চার মারলেও মালিঙ্গার বিপক্ষে একটি ছক্কাও হাঁকাতে পারেননি তিনি।

আরও উল্লেখযোগ্য বিষয় হলো, ওই ৭২ বলের মধ্যে ৪২টি ছিল ডট বল। অর্থাৎ মালিঙ্গার অর্ধেকের বেশি ডেলিভারিতে রান তুলতে পারেননি গেইল। যদিও পুরো সময়ে মাত্র একবার গেইলের উইকেট নিতে পেরেছিলেন শ্রীলঙ্কান পেসার ২০১৫ সালে।