ক্রিস গেইলের ১৩ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ব্যাট হাতে তান্ডব চালিয়ে মাত্র ৭৯ বলে ১৮৮ রানের অপরাজিত বিধ্বংসী এক ইনিংস খেলেছেন এই তরুণ।
শুক্রবার (২ অক্টোবর) রাতে দক্ষিণ আফ্রিকার সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ব্লুমফন্টেইনে ‘নাইটস’-এর বিপক্ষে ‘টাইটানস’-এর হয়ে ব্যাটিং তাণ্ডব চালান প্রিটোরিয়াস। তার ১৫টি চার ও ১৩টি ছক্কায় সাজানো এই ইনিংসে ভর করে ৩ উইকেটে ২৬৭ রানের পাহাড় গড়ে টাইটানস।
এর আগে ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে শীর্ষে ছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল।
প্রিটোরিয়াসের ঝোড়ো ইনিংসটি শুরু হয় মাত্র ২৪ বলে ফিফটি দিয়ে। সেঞ্চুরি ছুঁতে খেলেছেন আরও ১৬ বল (মোট ৪০ বলে শতক)। শেষ পর্যন্ত ৫৮ বলে ১৫০ পেরিয়ে ৭৯ বলে ১৮৮ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ওপেনার। টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের পাশাপাশি এক ইনিংসে সর্বোচ্চ ৭৯ বল খেলার রেকর্ডে অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের পাশে নাম লেখালেন তিনি।
সেই সাথে ডেওয়াল্ড ব্রেভিসের ১৬২ রানের টুর্নামেন্ট রেকর্ডও ভেঙে দিয়েছেন প্রিটোরিয়াস। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২ ম্যাচ খেললেও বিশ্বজুড়ে টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ৯১ ম্যাচে ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে রান সংগ্রহ করেছেন প্রোটিয়া ক্রিকেটের এই উদীয়মান তারকা।


