...|...|...

খেলা

গায়ানার জার্সিতে সিপিএলে মাঠ মাতাবেন মিরাজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:৪২
Shares
গায়ানার জার্সিতে সিপিএলে মাঠ মাতাবেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ । ছবি: সংগৃহীত

হঠাৎ করেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে এবারের সিপিএলে মাঠে নামবেন তিনি। ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি মিরাজ। এবার সেই অপেক্ষা কাটিয়ে ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক হতে পারে তার।

সিপিএলে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে নিজের নতুন চ্যালেঞ্জের কথা জানিয়েছেন ২৮ বছর বয়সী মিরাজ। সেখানে তিনি লিখেছেন, ‘একটি নতুন চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সাথে ক্যারিবিয়ান সফর শুরু করতে আমি প্রস্তুত।’

দেশের বাইরে এখন পর্যন্ত লঙ্কান প্রিমিয়ার লিগেই খেলেছেন মিরাজ। শ্রীলঙ্কার সর্বশেষ ফ্র্যাঞ্চাইজি আসরে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৪৪ রান, তবে বল হাতে কোনো উইকেট পাননি। ব্যক্তিগত পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও দলটির হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন তিনি।

এর আগে পাকিস্তান সুপার লিগেও চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন মিরাজ। লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জিতলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তার।

এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সরাসরি মাঠে নামার সুযোগ সামনে এসেছে মিরাজের। তাই সিপিএল হতে যাচ্ছে তার জন্য নতুন এক চ্যালেঞ্জ। একই সাথে আগের দুই ফ্র্যাঞ্চাইজি লিগে চ্যাম্পিয়ন দলের অংশ হওয়া মিরাজ এবার গায়ানাকেও শিরোপা এনে দিতে পারেন কি না, সেটিও থাকবে দেখার বিষয়।