জাপানের ক্রিকেট ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে স্মরণীয় এক অধ্যায়। প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দলটি। তা-ও আবার টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।
ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সুজুকি কাপ’-এ মুখোমুখি হবে দুই দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সানো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান আকাশ-পাতাল—ভারত রয়েছে ১ নম্বরে, আর জাপান ৪১তম স্থানে। তবে ভারত শক্তিশালী প্রতিপক্ষ হলেও আগেভাগে ভড়কে যেতে রাজি নয় স্বাগতিকেরা।
আইসিসি ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে জাপানের অলরাউন্ডার বেঞ্জামিন ইতো-ডেভিস বলেন, ‘বিশ্বমঞ্চে জাপানকে প্রতিনিধিত্ব করা আমাদের জন্য গর্বের। আমরা দেখাতে চাই যে ভারতের মতো দলের বিরুদ্ধেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’
আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে দুই দলই এই ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। গেমসের নিয়মের সঙ্গে মেলাতে গিয়ে স্বাগতিক জাপান স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন অভিশেক আনন্দ, ইসাম রহমানদের মতো নিয়মিত মুখেরা। তবে লাচলান ইয়ামামোতো-লেক, মাকোতো তানিয়ায়া ও ওয়াতারু মিয়াউচিরা এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন।
জাপানে বেসবলের দাপট থাকলেও ভারতের বিপক্ষে ম্যাচটি ঘিরে সেখানে ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়েছে। দর্শকদের অতিরিক্ত চাহিদার কারণে স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়িয়ে ৩ হাজার করা হলেও টিকিট বিক্রি শেষ হয়ে গেছে মাত্র এক ঘণ্টায়।


