...|...|...

খেলা

ক্যানসারে আক্রান্ত শিশুদের হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৭
Shares
ক্যানসারে আক্রান্ত শিশুদের হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানবিক কর্মকাণ্ড দিয়ে আবারও আলোচনায় লিওনেল মেসি। বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য নির্মাণাধীন একটি বিশেষায়িত হাসপাতাল কমপ্লেক্সে ২৬ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি টাকা) অনুদান দিয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা।

ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মারকাতো’র বরাত দিয়ে জানা যায়, মেসি ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়া এই অর্থ ব্যয় হবে স্পেনের সান্ত জোয়ান দে দেউ হাসপাতালের ক্যানসার চিকিৎসা কেন্দ্রের উন্নয়নকাজে। নতুন এই কমপ্লেক্সে বছরে অন্তত ৪০০ শিশু রোগীকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই ছাদের নিচে ক্যানসার আক্রান্ত শিশুদের সব ধরনের চিকিৎসা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

চিকিৎসা, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে মেসির অবদান নতুন নয়। মেসি ফাউন্ডেশনের সহায়তায় ইতোপূর্বে শিশুদের লিউকেমিয়া গবেষণা, আর্জেন্টিনার নিজ শহর রোসারিওর একটি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশু অপুষ্টি দূরীকরণ প্রকল্পে বড় ভূমিকা রেখেছেন তিনি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক দীর্ঘদিন ধরে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন। ফুটবল মাঠে যেমন তার পারফরম্যান্স আলোচনায় থাকে, তেমনি মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের প্রভাব কাজে লাগিয়ে চলেছেন মেসি। শিশুদের স্বাস্থ্যসেবায় তার এই নতুন উদ্যোগ আবারও সেই দিকটি সামনে নিয়ে এসেছে।