...|...|...

খেলা

সাত গোলের দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:২০
Shares
সাত গোলের দাপুটে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ছবি: সংগৃহীত

মেয়েদের জুনিয়র এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। নিজেদের প্রথম ম্যাচেই চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল (৬ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে কোনো গোল না হলেও পরের তিন কোয়ার্টারে চায়নিজ তাইপের জালে সাতবার বল পাঠায় তারা।

ম্যাচের ২০ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়িয়ে চার গোল করে মেয়েরা। এ সময় দুটি করে ফিল্ড গোল করেন নাদিরা এমা ও আইরিন আক্তার।

চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোল যোগ করে বাংলাদেশ। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল এনে দেন সারিকা রিমন। ছয় মিনিট পর একই ধরনের সুযোগ থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ফলে দলের গোলসংখ্যাও দাঁড়ায় সাতটিতে।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন সারিকা রিমন, আইরিন আক্তার ও নাদিরা এমা। একটি গোল করেছেন কনা আক্তার।

এবারের আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ২০২৪ সালের জুনিয়র এশিয়া কাপে নবম হয়েছিল বাংলাদেশ। মেয়েদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

১০ দলের এবারের প্রতিযোগিতায় চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সাথে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। অন্যদিকে এলিট পুলে স্বাগতিক চীনের সাথে আছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল ও এলিট পুলের পাঁচ দল। আর চ্যালেঞ্জার পুলে চতুর্থ ও পঞ্চম হওয়া দল খেলবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ।