ইরানি বিমান সংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে চীন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সম্ভাব্য কঠোর পদক্ষেপের হুমকি দেওয়ার একদিন পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ অবস্থান জানাল বেইজিং।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে কয়েক দিনের মধ্যেই বিশ্বজুড়ে সব ইরানি বিমান সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
এর পরদিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের সমালোচনা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপ করা ‘অবৈধ ও একতরফা’ নিষেধাজ্ঞার বিষয়ে চীন সবসময়ই বিরোধিতা করে আসছে।
চীনের এই বক্তব্য এসেছে যুক্তরাষ্ট্রে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের ঠিক আগে। ফলে ইরানি বিমান সংস্থাগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের অবস্থানের পার্থক্যও স্পষ্ট হলো।


