...|...|...

খেলা

বোর্ড সভায় যে ৭ বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিবি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৭
Shares
বোর্ড সভায় যে ৭ বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিবি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চতুর্থ পরিচালনা পর্ষদ সভায় ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠিত তামিম ইকবালের নেতৃত্বাধীন পর্ষদ সভায় ঘরোয়া ক্রিকেটের নতুন কাঠামো ও ম্যাচ ফি বাড়ানোর অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো ৭টি মূল সিদ্ধান্ত নিচে তুলে ধরা হলো:

১. পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধি: ঘরোয়া প্রতিযোগিতায় পুরুষ ক্রিকেটারদের সংশোধিত ম্যাচ ফি অনুমোদন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চার দিনের ম্যাচে দেড় লাখ, লিস্ট-এ (একদিনের) ম্যাচে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা পাবেন খেলোয়াড়েরা। এনসিএলের দ্বিতীয় একাদশের ক্রিকেটাররা পাবেন ম্যাচপ্রতি ১৫ হাজার টাকা।

২. নারী ও অনূর্ধ্ব-১৯ দলের ভাতা বৃদ্ধি: নারী ক্রিকেটে ম্যাচ ফি বাড়িয়ে তিন দিনের ম্যাচে ৪০ হাজার, একদিনের ম্যাচে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ পুরুষ জাতীয় দলের দৈনিক ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

৩. নতুন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট: ৬টি দল নিয়ে একটি নতুন সমন্বিত ঘরোয়া প্রতিযোগিতা চালুর সিদ্ধান্ত হয়েছে। এতে চার দিনের ম্যাচ, লিস্ট-এ ও টি-টোয়েন্টি—তিনটি ফরম্যাটই থাকবে। ৩ বছরের জন্য দেশের প্রতিষ্ঠিত কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব দেওয়া হবে। ২০২৬ সালের ডিসেম্বরে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরটি মাঠে গড়াবে।

৪. মিরপুরে রানিং ট্র্যাক: ফিটনেস ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের জন্য মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে ৩ লেনের আইএএএফ (IAAF) অনুমোদিত বিশেষায়িত রানিং ট্র্যাক তৈরি করা হবে।

৫. বিকল্প ড্রেসিং রুম: মিরপুর স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিং রুম নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। ঘরোয়া টুর্নামেন্ট ও অনুশীলনের কাজে এগুলো ব্যবহৃত হবে, যাতে মূল ড্রেসিং রুমটি শুধু আন্তর্জাতিক ম্যাচের জন্য নির্দিষ্ট থাকে।

৬. শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজের জন্য নকশা, প্রকৌশল ও প্রকল্প প্রস্তুতির ক্ষেত্রে পরামর্শক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

৭. স্টেডিয়ামের প্রবেশপথ উন্নয়ন: আন্তর্জাতিক ম্যাচের মান বাড়াতে মিরপুর স্টেডিয়ামের প্যাভিলিয়ন ভবন ও প্রধান প্রবেশপথগুলোতে আধুনিক অবকাঠামোগত পরিবর্তন আনা হবে।