হ্যামস্ট্রিং চোটের কারণে আসন্ন এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ছিটকে গেছেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি তার এই চোটের বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইফউদ্দিন। পরে এমআরআই স্ক্যানে তার পেশিতে গুরুতর টান ধরা পড়ে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, ‘বোলিং অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরীক্ষার পর তার চোটের ব্যাপ্তি নিশ্চিত হওয়া গেছে। পুরোপুরি সুস্থ হতে তার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।’
সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় এশিয়ান গেমসের স্কোয়াডে নতুন কোনো ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানানো হয়েছে। তবে মূল স্কোয়াডে পরিবর্তনের জন্য এশিয়ান গেমস কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।


