...|...|...

খেলা

ডিসেম্বরে ৬ দল নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত বিসিবির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৩৮
Shares
ডিসেম্বরে ৬ দল নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত বিসিবির

ছবি: সংগৃহীত

দেশের ঘরোয়া ক্রিকেটের পুরো কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে তিন সংস্করণের প্রতিযোগিতা এক ছাতার নিচে এনে ছয় দলের একটি নতুন ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত এই কাঠামোতে প্রথম শ্রেণির ম্যাচ, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটই অন্তর্ভুক্ত থাকবে। ফ্র্যাঞ্চাইজি হিসেবে দলের মালিকানা স্বত্ব দেশের সুপরিচিত কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য হস্তান্তর করা হবে।

সম্পূর্ণ কাঠামোটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তবে এই আয়োজনের প্রথম আসর হিসেবে চলতি বছরের ডিসেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে নতুন প্রতিযোগিতাটি মাঠে গড়াবে।

এ ছাড়া অবকাঠামোগত উন্নয়নে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণ এবং সংলগ্ন একাডেমি মাঠে একটি বিশেষায়িত রানিং ট্র্যাক স্থাপনের অনুমোদন দিয়েছে বিসিবি।

পাশাপাশি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সার্বিক সংস্কার ও নকশা প্রণয়নের লক্ষ্যে পরামর্শক নিয়োগের প্রস্তাবও পাস হয়েছে পর্ষদ সভায়।