...|...|...

সারাদেশ

খাগড়াছড়িতে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

Times Today
প্রকাশ: ১৫ মে ২০২৬, ভোর রাত ৪:৩৮ | আপডেট: ৫ আগস্ট ২০২৬, রাত ৮:৩৭
Shares
খাগড়াছড়িতে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঙালীচান করুনা কারবারি পাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) ভোরে দীঘিনালা জোনের পরিচালনায় এ অভিযান চালানো হয়।

দীঘিনালা জোন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের সম্ভাব্য চলাচল রুটে সেনাবাহিনীর একটি টহল দল কৌশলগত অবস্থান নেয়। এ সময় ৩ থেকে ৪ জন সন্দেহভাজন সন্ত্রাসী সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুর্গম পাহাড়ি এলাকা ও অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি পরিত্যক্ত ঘর এবং গাছের ওপর নির্মিত একটি পর্যবেক্ষণ পোস্ট শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো সন্ত্রাসীদের অস্থায়ী আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

অভিযানে ৪টি দেশীয় তৈরি গাদা রাইফেল, ১টি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪৩টি পিলেট, প্রায় ১০০ গ্রাম গানপাউডার, ৭০ পিস ফ্লিম্যাট-৪০০ ওষুধ এবং একটি টি-শার্ট উদ্ধার করা হয়।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।