...|...|...

বিশ্ব

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, সকাল ১০:৩২ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:৫৬
Shares
কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কার মধ্যেই কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, শুল্ক কার্যকরের ঠিক কিছুক্ষণ আগে ট্রাম্প এই সিদ্ধান্তের ঘোষণা দেন। পরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র ২২ আগস্ট পর্যন্ত প্রস্তাবিত শুল্ক স্থগিত করতে সম্মত হয়েছে।

কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনাপূর্ণ বাণিজ্য আলোচনার পর মঙ্গলবার ট্রাম্প ও কার্নির বৈঠকের শেষে এ সমঝোতা হয়। এই শুল্ক কার্যকর হলে প্রায় ২০ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের কানাডীয় রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারত।

শুল্কের আওতায় পড়ার কথা ছিল ইলেকট্রনিক্স, শিল্প যন্ত্রপাতি, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য ও ওয়াইনসহ বিভিন্ন পণ্য।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, উভয় পক্ষ একটি চুক্তির নথি চূড়ান্ত করার প্রক্রিয়ায় থাকায় তিন দিনের জন্য শুল্ক স্থগিত করা হয়েছে। তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ট্রাম্প এ সমঝোতাকে কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্প পুনরুজ্জীবনের প্রচেষ্টার সঙ্গে যুক্ত করেছেন। কানাডার আলবার্টা থেকে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা পর্যন্ত প্রস্তাবিত এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৮ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনের পরিকল্পনা ছিল।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, দেশটি আলোচনার পাশাপাশি নিজেদের অর্থনীতিকে আরও শক্তিশালী, স্বাধীন ও প্রতিযোগিতামূলক করার দিকে মনোযোগ দিচ্ছে।

কানাডীয় রপ্তানিকারকদের জন্য এই সিদ্ধান্ত সাময়িক স্বস্তি এনেছে। কারণ দেশটির মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাজারে যায়।

এর আগে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প কানাডার বিরুদ্ধে একাধিক বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছিলেন। তবে এবারের শুল্ক ছিল উল্লেখযোগ্য, কারণ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির আওতায় এতদিন শুল্কমুক্ত সুবিধা পাওয়া পণ্যও এর আওতায় আসার কথা ছিল।