...|...|...

বিশ্ব

ওমরাহ ভিসায় নতুন নির্দেশনা সৌদির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, রাত ৯:২৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১১:১৪
Shares
ওমরাহ ভিসায় নতুন নির্দেশনা সৌদির

একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এক বছরের জন্য বৈধ ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহ পালনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার বিষয়টি জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, একাধিকবার প্রবেশের সুবিধাযুক্ত ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে।

জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে পুরো ভিসার মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন সৌদি আরবে অবস্থান করা যাবে।

মন্ত্রণালয় বলেছে, ওমরাহযাত্রীদের আরও বেশি সুবিধা ও ভ্রমণে নমনীয়তা দেওয়ার উদ্দেশ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিটি সফরের ক্ষেত্রে আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহ পালনের অনুমতি নেওয়ার নিয়ম বহাল থাকবে।

প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সেবা প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই সংশ্লিষ্ট ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।

এ ছাড়া সৌদি আরবে প্রবেশের আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে উল্লেখ করা তারিখ অনুমোদিত সেবা প্যাকেজের তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য নির্ধারিত যোগ্যতা ও শর্তও পূরণ করতে হবে।

প্রথমবার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু হবে। এরপর ভিসার আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভ্রমণকারীর যোগ্যতা যাচাই শেষে তিনি সৌদি আরবের উদ্দেশে বিমানে উঠতে পারবেন। সৌদিতে পৌঁছানোর পর তার প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। দেশ ছাড়ার সময় সেই তথ্য আবার হালনাগাদ করা হবে।

এর মাধ্যমে একজন ভিসাধারী এরই মধ্যে কত দিন সৌদি আরবে অবস্থান করেছেন এবং অনুমোদিত ৯০ দিনের মধ্যে আরও কত দিন থাকার সুযোগ রয়েছে, তা হিসাব করা হবে।

অর্থাৎ, একাধিকবার প্রবেশের বৈধ ওমরাহ ভিসা থাকলেই পরবর্তী সফরের জন্য শুধু ভিসা যথেষ্ট নয়। প্রতিবার ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং নুসুকের মাধ্যমে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।