সুইডেনে অবস্থিত ইরানি দূতাবাসের এক কর্মকর্তাকে বহিষ্কার ও রাষ্ট্রদূতকে তলবের তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা কড়া পদক্ষেপ নিয়েছে তেহরান। জবাব হিসেবে এক সুইডিশ কূটনীতিককে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কড়া প্রতিবাদ জানিয়ে উল্লেখ করেছে, ‘স্টকহোমে আমাদের দূতাবাসের এক কূটনীতিককে দায়িত্ব পালন থেকে বিরত রাখার সুইডিশ সিদ্ধান্তের আমরা তীব্র বিরোধিতা করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ইতিমধ্যে সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে উক্ত কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
এর আগে কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার করেছিল সুইডেন। এর পরপরই ইরানের এই পাল্টা পদক্ষেপে দুই দেশের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হলো।


