ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, অগ্নিসংযোগ এবং ভাঙচুরের মতো নাশকতামূলক কাজে জড়িত থাকার অপরাধে এক ইসরায়েলি নাগরিককে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ইসরায়েলি গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
ইসরায়েলি সংবাদপত্র ‘হারেৎজ’-এর প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম আলেকজান্ডার গ্রানোভস্কি। তাকে ২০২৪ সালে গ্রেফতার করা হয়েছিল। মূলত ডিজিটাল মাধ্যমে হাজার হাজার ডলারের বিনিময়ে এক ইরানি এজেন্টের পক্ষে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত কাজ পরিচালনা করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
অভিযোগপত্র অনুযায়ী, আলেকজান্ডার টেলিগ্রামের মাধ্যমে ওই ইরানি ব্যক্তির সাথে যোগাযোগ বজায় রাখতেন এবং ইসরায়েলের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা ও সাবেক জেনারেল বেনি গান্তজ যে এলাকায় বসবাস করতেন, সেখানকার বিভিন্ন এলাকার ছবি তার কাছে পাঠিয়েছিলেন।
এছাড়া তিনি মোট নয়টি যানবাহনে আগুন ধরান, দেওয়ালে গ্রাফিতি বা স্লোগান লেখেন এবং সহিংস কর্মকাণ্ড চালানোর জন্য অপরাধমূলক রেকর্ড রয়েছে এমন অন্য ব্যক্তিদেরও নিয়োগ করার অনুরোধ পেয়েছিলেন বলে জানিয়েছে হারেৎজ।


