...|...|...

বিশ্ব

ইরানজুড়ে মার্কিন হামলা, পাল্টা ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৭
Shares
ইরানজুড়ে মার্কিন হামলা, পাল্টা ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

ছবি: সংগৃহীত

ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মার্কিন বাহিনীর হামলার পর ইরানও পাল্টা জবাব দিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, ইরান ইরাক ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। পাশাপাশি কুয়েত ও বাহরাইনেও ইরানি হামলার খবর পাওয়া গেছে।

আনাদোলুর খবরে বলা হয়,, ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সিরিকে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার একটি বাড়িতে আঘাত হানলে এক শিশুসহ চারজন নিহত হন। এ ঘটনায় ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কুহেস্তাক গ্রামেও মার্কিন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। হামলার পর ওই এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন পরিষেবা বন্ধ হয়ে যায়।

এ ছাড়া ইরানের কোনারাক কাউন্টি, জাস্ক ও বন্দর লেঙ্গেহ শহরেও হামলা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিরোফত শহরের একটি ‘বেসামরিক বিমানবন্দরেও’ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। চাবাহার ও কোনারাক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরও জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাম্প্রতিক হামলার চেষ্টার জেরেই ইরানের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। সেন্টকমের পক্ষ থেকে ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, সিরিকে হামলায় হতাহতের বিষয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে তারা অবগত আছেন। তবে তিনি দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী কখনো বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ইরানের বিভিন্ন আইআরজিসি স্থাপনায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। বুধবার ভোরের মধ্যে অভিযান শেষ হয় বলে জানিয়েছে সেন্টকম।

এর জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ড যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলে, এই হামলার জন্য ওয়াশিংটনকে ‘দুঃখিত’ হতে হবে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ জানিয়েছে, সিরিকে হামলার প্রতিশোধ হিসেবে বুধবার ভোরে জর্ডানের আকাবায় অবস্থিত একটি মার্কিন মেরিন ঘাঁটিতে ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর মধ্যে ১০টি ধ্বংস করা হয়েছে এবং তিনটি প্রত্যন্ত এলাকায় পড়ে। ইরানের এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আকাবা ও মাফরাক প্রদেশের বাসিন্দাদের ধ্বংসাবশেষের বিষয়ে সতর্ক করা হলেও পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

অন্যদিকে, বিবিসি জানিয়েছে, বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, দেশটির পাল্টা হামলার পর বাহরাইনেও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে মার্কিন হামলার ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, ইরান পাল্টা হামলা চালালে তাদের ওপর আরও ‘কঠিন ও উচ্চ মাত্রার’ হামলা চালানো হবে।

চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে হামলা চালানোর পর জুলাইয়ের শেষের পর ইরানের ওপর এটিই প্রথম জ্ঞাত মার্কিন হামলা। এর আগে তেহরান জর্ডানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা চালিয়েছিল।

ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা ও পাল্টা আক্রমণের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক হামলা শুরু করলে সংঘাত ছড়িয়ে পড়ে। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে ইসরায়েল, মার্কিন সামরিক ঘাঁটি ও মিত্র রাষ্ট্রগুলোর বিরুদ্ধে হামলা চালায় এবং কার্যত হরমুজ প্রণালি সামুদ্রিক যান চলাচলের জন্য বন্ধ করে দেয়।

যুদ্ধবিরতি বাড়াতে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সংঘাত আবারও শুরু হয়েছে। হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ আরও বেড়েছে। তেহরান অনুমতি ছাড়া প্রণালি পার হওয়ার চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে জানিয়েছে, আর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে।