খুলনায় এবার ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির ওপর কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী।
শুক্রবার (৯ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন।
পুলিশ জানায়, বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফিরছিলেন পুলিশ পরিদর্শক শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। একপর্যায়ে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে সাথে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা।
আহত শাহ আলমকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, শাহ আলম জেলা পুলিশে কর্মরত। ঘটনার রাতে তার দায়িত্ব ছিল। ডিউটি শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফেরার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি পুলিশ ক্লাবেই থাকেন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রূপসা মোড়ে পুলিশের টহল গাড়ি ছিল। তবে কলেজিয়েট স্কুলের পাশের অন্ধকার গলি থেকে বেরিয়ে ছিনতাইকারীরা হামলা চালিয়ে আবার ওই গলিতেই পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি লোকমান হোসেন।


