দীর্ঘ ৩৭ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা করে অবসরে গেলেন যশোরের চৌগাছা উপজেলার মাঠচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।
দীর্ঘ কর্মজীবনের স্মৃতি ও আবেগকে সঙ্গী করে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে জড়ো হয়েছিলেন তার অসংখ্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও স্থানীয়রা। ফুলসজ্জিত প্রাইভেটকারে করে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে দেওয়া হয়েছে ব্যতিক্রমী ও রাজকীয় বিদায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় মাঠচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আব্দুর রাজ্জাকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেটকারে প্রিয় শিক্ষককে বসিয়ে দেওয়া হয় বিদায়। এরপর অর্ধশতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় তাকে পুরো গ্রাম ঘুরিয়ে পার্শ্ববর্তী দেবীপুর গ্রামের সড়ক হয়ে আরাজিসুলতানপুর মোড় দিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ৮ নম্বর হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদুল হাসান এবং চৌগাছা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রশিদুল ইসলাম। এছাড়া চৌগাছা মহিলা কলেজের অধ্যাপক ড. আব্দুস শুকুর উপস্থিত ছিলেন।
মাঠচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মনজুর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. আব্দুর রাজ্জাক শুধু একজন শিক্ষক ছিলেন না; তিনি ছিলেন এই বিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তিনি অসংখ্য শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। তার হাতে গড়ে ওঠা অনেক শিক্ষার্থী আজ দেশ-বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
বিদায় অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ চৌধুরী বলেন, 'আজ মাঠচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মো. আব্দুর রাজ্জাক স্যারকে বিদায় দিতে গিয়ে বিদ্যালয় ক্যাম্পাস ও এই অঞ্চলের মানুষের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
তিনি আমার একজন যোগ্য সহকর্মী ছিলেন। তার দ্বায়িত্ব কর্তব্য ও নিষ্ঠা আমাদের সকলকেই অনুপ্রাণিত করেছে। স্হানীয় অভিভাবক, শিক্ষার্থী সকলের কাছেই তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। তার অবসরজনিত বিদায়ে আমরা একজন দক্ষ, প্রশিক্ষিত ও যোগ্য সহকর্মী শিক্ষককে হারালাম। তার অবদান এই জনপদের মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্বরণ করবে।'
জানা গেছে, ১৯৯০ সালে খড়বাস দিয়ে মাঠচাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ওই বছরই ১৩ জানুয়ারি বিদ্যালয়টিতে শিক্ষকতা শুরু করেন মো. আব্দুর রাজ্জাক।
এরপর দীর্ঘ ৩৬ বছর ৮ মাস ২১ দিন, অর্থাৎ প্রায় ৩৭ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। দীর্ঘ এই কর্মজীবনে বিদ্যালয়টির সাথে তার সম্পর্ক হয়ে উঠেছিল পরিবারের মতো। শিক্ষকতা জীবনের অসংখ্য স্মৃতি, প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসা নিয়ে অবসরে গেলেন তিনি।

