...|...|...

সারাদেশ

খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২১
Shares
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি

বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে উন্নয়নকাজের প্রাক্কলন (এস্টিমেট) সংশোধনের দাবি জানিয়েছে খুলনা জেলা এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতি। দাবি পূরণ না হলে আগামী ৭ অক্টোবর এলজিইডির প্রায় ৪৯ কোটি টাকার উন্নয়নকাজের টেন্ডার বর্জনের ঘোষণা দিয়েছেন ঠিকাদাররা।

সোমবার (৫ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা ঠিকাদার কল্যাণ সমিতির সদস্যসচিব শেখ বদরুদ্দোজা বাবলু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান বাজারদরের তুলনায় এলজিইডির বিভিন্ন উন্নয়নকাজের এস্টিমেটে উপকরণের মূল্য কম ধরা হয়েছে। এতে ঠিকাদাররা কাজ করলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন। বিশেষ করে বিটুমিন, পাথর, ইট, কয়লা, বালি ও জ্বালানি তেলের দাম গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ঠিকাদার সমিতির দাবি, সরকার টেন্ডারে এক ব্যারেল বিটুমিনের মূল্য সাড়ে ১৩ হাজার টাকা নির্ধারণ করেছে। ভ্যাট-ট্যাক্স বাদ দিলে ঠিকাদারের হিসাবে থাকে প্রায় ১২ হাজার টাকা। অথচ বর্তমানে দেড়শ কেজির এক ব্যারেল বিটুমিনের বাজারদর প্রায় ১৯ হাজার টাকা।

এ ছাড়া গত বছর প্রতি টন পাথরের দাম প্রায় ৪ হাজার ২০০ টাকা থাকলেও বর্তমানে পরিবহন খরচ বাদেই তা প্রায় ৪ হাজার ৭০০ টাকা। ইটের দাম গত বছর ৯ থেকে ১০ হাজার টাকা থাকলেও বর্তমানে ১২ থেকে ১৩ হাজার টাকা হয়েছে বলে দাবি করেন তারা। একইভাবে কয়লার দাম টনপ্রতি ১৭ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ২৫ হাজার টাকা এবং বালির দাম প্রতি ঘনফুট ৬০ টাকা থেকে বেড়ে ৮০ থেকে ৮৫ টাকা হয়েছে।

ঠিকাদার সমিতি বলছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নির্মাণসামগ্রী ও পরিবহন ব্যয়ে। ফলে বর্তমান এস্টিমেট অনুযায়ী কাজ করলে ঠিকাদারদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে ঠিকাদাররা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তারা উন্নয়নকাজের বিরোধী নন। তবে বাস্তব বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি উন্নয়নকাজের এস্টিমেট রেট পুনর্নির্ধারণ করা প্রয়োজন।

তাদের দাবি, নির্ধারিত সময়ের আগে বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে এস্টিমেট সংশোধন করা না হলে আগামী ৭ অক্টোবরের টেন্ডার বর্জন করতে বাধ্য হবেন তারা।

এ সময় সমিতির নেতারা তাদের দাবির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির বিশ্বাস, সিনিয়র সহসভাপতি আজগর আলী খান, সহসভাপতি আমির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর ফকির, কোষাধ্যক্ষ এস এম সালাউদ্দিন ও নির্বাহী সদস্য আলাউদ্দিন।