ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিফা সুলতানা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আরিফা সুলতানা টেটেশ্বর গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আরিফার মা রান্নাঘরে দুপুরের খাবার তৈরিতে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর আরিফাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আরিফা সুলতানাকে মৃত ঘোষণা করেন।
দুই বছরের শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও নেমে এসেছে বিষাদের আবহ।

